সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা আবারও মারামারিতে জড়িয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে উভয়পক্ষের অপেক্ষাকৃত তরুণ আইনজীবীদের মধ্যে প্রথমে হট্টগোল-ধাক্কাধাক্কির পর মারামারি ও সম্পাদক কক্ষের সামনে থাকা নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুজন আইনজীবী আহত হয়েছেন বলে দাবি করেন সরকারপন্থিরা।
গেল মধ্য মার্চে হওয়া সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ফলাফল ঘোষণা ও সম্পাদক পদে ভোট পুনঃগণনা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে এর আগে গত ১৩ ও ২৭ এপ্রিল উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে।