‘দুষ্টু নারীদের’ ঘরে অবস্থান চায় তালেবান

আফগানিস্তানের নারী অধিকারকর্মীদের ‘দুষ্টু’ আখ্যা দিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি বলেছেন, ‘এসব নারীর ঘরে থাকাই আমরা পছন্দ করি।’ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন তালেবানের সহ-উপনেতা এ মন্তব্য করেন।

অবশ্য পরে এ মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সিরাজুদ্দিন হাক্কানি বলেন, ‘যেসব নারী অন্য কোনো পক্ষের প্রভাবে প্রভাবিত হয়ে বর্তমান সরকারকে প্রশ্নের মুখে ফেলতে চান, তাদের ঠাট্টা করে দুষ্টু নারী বলেছি আমি।’

গত বছর ১৫ আগস্ট তালেবান কাবুলের দখল নেয়। এরপর থেকে আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে গত মার্চে মেয়েদের স্কুল খুলে দেওয়া হলেও পরে তা ফের বন্ধ করে দেয়।

এ বিষয়ে সিরাজুদ্দিন হাক্কানি বলেন, ‘তালেবান কখনই নারী শিক্ষার বিরোধী নয়। আমি আরও পরিষ্কারভাবে বলতে চাই আফগানিস্তানে কেউই নারী শিক্ষার বিরোধী নয়। আফগান মেয়েদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় কিছু সংস্কার প্রয়োজন ছিল, সেসব এখন শেষ পর্যায়ে। খুব শিগগিরই আপনারা এ বিষয়ে সুখবর পাবেন।’