কোরিয়ার কাছে হেরে বিদায় রোমানদের

আরচারি বিশ্বকাপে (স্টেজ-২) রিকার্ভ পুরুষ দলগত বিভাগে নকআউট পর্বে দাপুটে শুরু পেলেও পরে ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরে ছিটকে গেছে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে।

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে গতকাল এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে অস্ট্রেলিয়াকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেয় রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফকে নিয়ে গড়া বাংলাদেশ দল। প্রথম সেটে জমজমাট লড়াইয়ের পর ৫৬-৫৫ ব্যবধানে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেট রোমানরা জিতে নেন ৫৪-৫২ পয়েন্টে। তৃতীয় সেটে অস্ট্রেলিয়া তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি, হেরে যায় ৫৭-৫৪ পয়েন্টে।

দাপটের সঙ্গে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে ছন্দ হারায় বাংলাদেশ। প্রতিযোগিতার স্বাগতিক কোরিয়ার বিপক্ষে ৫-১ সেটে হেরে যায় দল। শুরুর দুই সেট ৫৮-৫৬ ও ৫৬-৫৩ পয়েন্টে হেরে যাওয়ার পর রোমান-আলিফরা তৃতীয় সেটেও পারেননি ঘুরে দাঁড়াতে। শেষ সেট ৫৮-৫৮ ড্র করলেও শেষ রক্ষা হয়নি।