শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে শিক্ষার্থী আহত

পিরোজপুরের ভান্ডারিয়ায় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণকালে স্কুল ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে তৃতীয় শ্রেণিপড়ুয়া এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ৬৯ নম্বর উত্তর ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। শিশুটিকে স্কুল কর্তৃপক্ষ উদ্ধার করে ভর্তি করেছে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

আহত স্কুলছাত্রীর পরিবারের ভাষ্যমতে, জরাজীর্ণ উত্তর ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পাঠদান চলার সময় ছাদের পলেস্তারা শ্রেণিকক্ষে খসে পড়ে। এতে ওই ছাত্রী ঘাড় ও বাহুতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় বিদ্যালয়ে ভবনের ছাদ ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত স্কুলছাত্রীর বাবা বলেন, স্কুল কর্তৃপক্ষ ফোন করে আমার মেয়ে আহত হওয়ার খবর জানিয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামপ্রসাদ পাল বলেন, নতুন ভবন দরকার। শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কেই পাঠদান করছি।