রাজধানীর গ্রিনরোডে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ৯-তলা ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। তার নাম ইমাম হোসেন মিশু (২৩)। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে তার তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল।
ইমাম হোসেন ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি ভোলা লালমোহন উপজেলায় পশ্চিম চর উম্মেদ গ্রামে। তিনি রাজধানীর পূর্ব রাজাবাজারে একটি মেসে থাকতেন। তিনি দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। তার বাবা আক্তার হোসেনের গ্রামে মুরগির ফার্ম রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সেলুজ্জামান দাবি করেন, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ওই শিক্ষার্থী ৯-তলা ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়েছেন।