স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব। গত বুধবার রাত ৩টার দিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। সে সময় র্যাব তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদকও উদ্ধার করে।
গতকাল বৃহস্পতিবার র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাশ জানান, সবুজবাগ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে কিছু লোক চাঁদাবাজি করছে এমন অভিযোগের পর তদন্তে নামে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে অভিযানে নামে একটি দল। প্রথমে দেলোয়ার হোসেন সাঈদী নামে একজনক আটক করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে নিয়ে আরও অভিযানে গেলে জুবায়ের আহাম্মেদ নামে এক লোক স্থানীয়দের নিয়ে বাধা দেয়। তাকেও পরে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেছে।