ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, দেশে রেমিট্যান্স প্রেরণ করে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা দেশে-প্রবাসে অবহেলিত ও বঞ্চনার শিকার। দেশ প্রেমিক প্রবাসীদের বহুবিধ সমস্যা সমাধানে ক্ষমতাসীনদের কোন পদক্ষেপ নেই। অথচ দেশের একটি চক্র অবৈধভাবে অর্থ আয় করে আবার অবৈধভাবে বিদেশে পাচার করছে, তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করছে।
মালয়েশিয়ায় সফররত মাওলানা মোসাদ্দেক বিল্লাহ শুক্রবার কুয়ালালামপুরের কোতরায়া বাংলা মার্কেটের একটি মিলনায়তনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন।
আরও বলেন, গ্লোবাল ফিন্যান্সিয়াল ইনটিগ্রিটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে বছরে গড়ে দেশ থেকে ৬৪ হাজার কোটি টাকা পাচার হচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী গেল ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ৩ লাখ ২০ হাজার কোটি টাকা। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যে ২০০৯ থেকে ২০১৫ সাল (২০১৪ সাল বাদে) ৬ বছরে পাচার হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে ২০১৫ সালেই পাচার হয়েছে ১ লাখ কোটি টাকার বেশি।
মাওলানা মোসাদ্দেক বিল্লাহ বলেন, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রতিবছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আরব আমিরাত ও থাইল্যান্ডসহ ১০টি দেশে পাচার হচ্ছে।
আরও বলেন, কারা দেশের টাকা বিদেশে পাচার করছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। দেশের মানুষ পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়।
তিনি বলেন, দেশে ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে দেশপ্রেমিক প্রবাসীরা দেশে-প্রবাসে দুঃখজনক ভাবে প্রায় সকল ক্ষেত্রে অবহিত ও বঞ্চিত হচ্ছে।