এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবি

ড. মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবারবাদ জুমা ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় তাহরিকে খতমে নবুওয়্যাত গজারিয়া থানা শাখার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন। 

মানববন্ধন থেকে তারা মাওলানা ড. মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর নামে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি জানান। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ার দেন। 
তারা আরো বলেন, এনায়েতুলল্লাহ আব্বাসী মুক্তিযোদ্ধাদের অবমাননা করে কোনো বক্তব্য প্রদান করেননি বরং তিনি মুক্তিযুদ্ধের সুমহান আদর্শ জাতির সামনে উপস্থাপন করেছেন। টক-শো অনুষ্ঠানে এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে বিশেষ একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মামলা করেছে।

উলে­খ্য, কয়েকদিন আগে গণকমিশন নামে একটি সংগঠন কর্তৃক দেশের ১১৬ আলেমকে 'ধর্মব্য বসায়ী' উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের কাছে একটি শ্বেতপত্র প্রদান করে। শ্বেতপত্রের বিষয়ে ফেসবুকে একটি টক-শো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এনায়েতুল্লাহ আব্বাসী। ওই অনুষ্ঠানে দেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

এর প্রতিবাদে শুক্রবার ওই সংগঠনের গজারিয়া থানা শাখার সভাপতি মো. নিজাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএস শাহীনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন দাউদকান্দি থানা শাখার সভাপতি আলমগীর হোসেন, সা. সম্পাদক মো. হাসান, মেঘনা থানা শাখার সভাপতি মো. রফিক, সা. সম্পাদক মো. সুরুজ গাজী, ভবেরচর ঈদগাঁ কমিটির সা. সম্পাদক মাহাবুবুল হক শাহীন, মুবাল্লীক সাজেদুল বারী আসকারী, আবু সাঈদ, প্রভাষক দেলোয়ার হোসেন, আব্দুল হাই, আনোয়ার হোসেন, জামান হোসেন প্রমুখ।