চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অনেক দিন সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াননি। কিন্তু নানা কাজে তিনি ব্যস্ত। হয়েছেন ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত।
সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ইউনিসেফের শুভেচ্ছাদূত...
বাংলাদেশে ইউনিসেফের নতুন শুভেচ্ছাদূত নিযুক্ত হয়ে সত্যিই আমি আপ্লুত। নিজের সাধ্যে যতটুকু কুলায় তার মধ্যেই সব সময় চেষ্টা করি শিশু ও নারীদের পাশে থাকার। কিন্তু এবার এত বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ায় সেই কাজ আরও বড় পরিসরে করার সুযোগ পাব। একজন শিল্পী ও নারী হিসেবে এটা অনেক গর্বের। গত বৃহস্পতিবার ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শুভেচ্ছাদূত হিসেবে আনুষ্ঠানিক পথচলা শুরু করেছি। এখন থেকে চিত্রতারকা মৌসুমী, ক্রিকেট তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাদুশিল্পী জুয়েল আইচের সঙ্গে যোগ দেব। সারা দেশে শিশুদের শিক্ষা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রতিটি শিশুর অধিকার প্রতিষ্ঠায় সেই কাজের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। শিশু ও নারীদের অধিকারের জন্য সোচ্চার হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি সেই দায়িত্ব ইউনিসেফের সঙ্গে একত্রে পালন করতে উন্মুখ।
নাটকে নিয়মিত...
সত্যি বলতে, মাঝখানে পাঁচ-ছয় বছর আমি নাটকে অভিনয় করিনি। করোনার মধ্যে দু-একটা নাটক করেছিলাম। সম্প্রতি পরপর কয়েকটি নাটক করার পর অনেকেই ভাবছেন আমি নিয়মিত এই মাধ্যমে কাজ করেছি। বিষয়টি তা নয়। টানা চলচ্চিত্রে কাজ করার ফলে আমি নাটকে কাজ বন্ধ করে দিই। এখন অনেক দিন হলো সিনেমার শ্যুটিংগুলো পিছিয়ে যাচ্ছে। ভক্তরা আমার অভিনয় মিস করেন। তাই ভাবলাম ঈদের স্পেশাল কিছু নাটক করি। তাহসান খানের সঙ্গে মাববুর রশীদ বান্নাহ ও হিমির পরিচালনায় তিনটি নাটক করি। বিয়ের পর পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করেছি। ঈদের সময়ও দিল্লি ছিলাম পরিবারের সবাইকে নিয়ে। এর মধ্যেই নির্মাতা সঞ্জয় সমদ্দার যোগাযোগ করলেন। তার কয়েকটি নাটক দেখেছিলাম, খুবই ভালো নির্মাণ করেন। তাই রাজি হয়ে গেলাম। এই নাটকের খবর প্রকাশ পাওয়ার পর ভিকি জাহেদও যোগাযোগ করলেন। তার গল্পটাও চমৎকার। তাই ভিকিকেও ‘হ্যাঁ’ বলে দিলাম। এই খবর পত্রপত্রিকায় আসার পর নিয়মিতই নাটকের পরিচালকরা আমার সঙ্গে যোগাযোগ করছেন। তাদের কাজগুলো করতে পারছি না বলাতে কেউ কেউ পারিশ্রমিক অনেক বাড়িয়ে দেওয়ার প্রস্তাবও দিচ্ছেন। কিন্তু আমি নাটকে নিয়মিত হতে চাই না।
‘কার্নিশ’ ও ‘মনের মানুষ’...
ভিকি জাহেদের পরিচালনায় যে নাটকটি করেছি তার নাম ‘কার্নিশ’। গল্প বলা পরিচালকের নিষেধ। শুধু এটুকু বলতে পারি, ৬০ মিনিটের গল্প, কোরবানির ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হবে। আরেকটা তথ্য দিতে পারি। আমার সঙ্গে চিত্রনায়ক রোশানও আছেন এই নাটকে। এই প্রথম বড়পর্দার রোশানকে দেখা যাবে ছোটপর্দায়। মোশাররফ করিমের সঙ্গে ‘মনের মানুষ’ নাটকে অভিনয় করেছি। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।