কিশোরগঞ্জ সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে ঢুকে চার মাসের শিশুসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গতকাল শুক্রবার সকালে উপজেলার দানাপাটুলি ইউনিয়নের কালিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কালিয়াকান্দা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে আজিজুল হক পারভেজের সঙ্গে একই গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে শাহ আলম, ফারুক ও আবুল বাসার মাষ্টারের ছেলে ফরহাদ মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে এ নিয়ে গ্রাম্য সালিশের কথা ছিল। কিন্তু সালিশের আগে সকালে শাহ আলম, ফারুক ও ফরহাদ মিয়াসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র দা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে পারভেজের ঘরে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। পারভেজের স্ত্রী সুবর্ণা আক্তার স্বামীকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। এসময় তার কোলে থাকা চার মাসের শিশুটিও আহত হয়। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল করলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি করায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’