ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে পুলিশি গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। শুক্রবার রাতে এ অভিযোগ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
শুক্রবার রাত সাড়ে ১১টায় ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
সাইফ মাহমুদ জুয়েল বলেন, শুক্রবার রাতে ধানমন্ডি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় সাত-আটজন সাদা পোশাকের পুলিশ রওনকুল ইসলাম শ্রাবণের প্যান্টের বেল্ট ধরে টেনে নিয়ে যেতে চায়। এ সময় তাদের সঙ্গে দুই গাড়ি পুলিশ ছিল। তখন উপস্থিত ৪৫-৫০ জন নেতাকর্মীসহ কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার করতে না পেরে সেখানে থাকা ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক আব্দুর রহমান বাবুকে মারধর করে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। জানা মতে গ্রেপ্তার দুই ছাত্রদল নেতা ধানমন্ডি থানায় আছেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, এই ফ্যাসিস্ট সরকার ছাত্রদলের নবগঠিত কমিটিকে ভয় পায়। তারা বুঝতে পেরেছে এই কমিটির নেতৃত্বেই তাদের পতন অপেক্ষা করছে। তাই তারা কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই হামলার জবাব ছাত্রদল রাজপথেই দেবে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশের মন্তব্য পাওয়া যায়নি।