নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের ফল পেলেন কোহলি

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। এমন ম্যাচে ঝলক দেখালেন পুরো আসরে নিজেকে খুঁজে ফেরা বিরাট কোহলি। দারুণ সব শটের পসরা সাজিয়ে উপহার দিলেন ৫৪ বলে ৭৩ রানের চমৎকার এক ইনিংস। সেই ইনিংসে ভর করে ১৬৯ রানের টার্গেট দিয়ে গুজরাট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। তাতে আইপিএলের প্লে-অফের সম্ভাবনা টিকে রয়েছে। কোহলি জানিয়েছেন, টানা দেড় ঘণ্টা নেটে ব্যাট করে এসেছে এমন সাফল্য।

এই ম্যাচের আগ পর্যন্ত আসরে ১৩ ম্যাচে ১৯.৬৭ গড় আর ১১৩.৪৬ স্ট্রাইক রেটে কোহলির রান ছিল কেবল ২৩৬। ফিফটি করেছিলেন মাত্র একটি, তবে সেটিও দলের কাজে আসেনি। বৃহস্পতিবার দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে আসরে নিজের সেরা ইনিংসটি খেললেন কোহলি। জানান, ‘বুধবার নেটে টানা ৯০ মিনিট ব্যাটিং করেছি। নিজের মধ্যে কোনো সংশয় রাখতে চাইনি। প্রতিটি বল সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে চেয়েছি। ৯০ মিনিট ব্যাটিং করার পর সেটা অর্জন করেছি। এরপর আমি নির্ভার হয়ে এই ম্যাচ খেলতে এসেছি।’

বেঙ্গালুরুর জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই কিংস ও কলকাতা নাইট রাইডার্স বিদায় নিয়েছিল। আজ মুম্বাই দিল্লি ক্যাপিটালসকে হারালে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হবে কোহলিদের।