মাজিয়ার বিপক্ষে বাংলাদেশি হিসেবে অভিষেক হয়েছে এলিটা কিংসের। শেষ দিকে অল্প কিছু সময় খেলার সুযোগ হয় তার। সেই ম্যাচ শেষে কিংসলে দল নিয়ে ভীষণ আশাবাদী। ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কিংসলে তো বাগান সমর্থকদের আজ মাঠে না আসার পরামর্শ দিয়ে দিলেন ‘আমরা এখানে এসেছি এএফসি কাপের পরবর্তী ধাপের টিকিট জোগাড় করতে। আগেরবার অল্পের জন্য আমরা পরের পর্বে যেতে পারিনি। এই মোহনবাগানের সঙ্গেই শেষ ম্যাচে ড্র করে দুর্ভাগ্যকে বরণ করতে হয়েছিল। এবার আর সেই ভুল করতে চাই না।’ গতকাল ছিল কিংসলের বিবাহবার্ষিকী। বাংলাদেশি স্ত্রী লিজাকে ৩ পয়েন্ট উপহার দেওয়ার প্রতিজ্ঞা করেছেন এই ফরোয়ার্ড ‘বাগানকে আমরা আগেও দেখেছি, খুবই শক্তিশালী দল। তবে গ্রুপপর্বে আমরাই শক্তিশালী। আমাদের থেকে বাকিরা পয়েন্ট কেড়ে নেওয়ার চেষ্টা করবে। তবে আমরাও প্রস্তুত আছি। আমার চেষ্টা থাকবে লিজাকে ৩ পয়েন্ট উপহার দেওয়ার। আর দর্শকপূর্ণ গ্যালারির সামনে খেলতে আমরাও পছন্দ করি। জানি বাগানের অনেক দর্শক থাকবেন। তবে বাগান সমর্থকরা মাঠে না এলেই ভালো করবেন। বাড়িতে বসেই ওরা যেন খেলা দেখেন। কারণ, মাঠের রেজাল্ট দেখে তারা হতাশ হতে পারেন। সে কারণেই বলছি, মাঠে না এলেই ভালো।’