যমুনার পানি বৃদ্ধি

পাটুরিয়ায় ঘাট ডুবে পারাপারে ভোগান্তি

সাপ্তাহিক ছুটি ও যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে ঘাট ডুবে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দিনভর যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় বাড়তি যানবাহনের চাপে হিমশিম খেতে হয় এ নৌরুটের যাত্রীদের। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনচালকরা।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৮৭ সেন্টিমিটার পানি বেড়ে যাওয়ায় গতকাল রাতে পাটুরিয়া ঘাটের পাঁচটির মধ্যে তিনটি পানিতে তলিয়ে যায়। সকাল থেকে কাজ করে ৪ ও ৫ নাম্বার ঘাট সচল করা হয়েছে। ১ নাম্বার ঘাট সন্ধ্যা ৬টার দিকেও সচল করা যায়নি। ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ঘাট সংকটের কারণে সব ফেরি চালানো যাচ্ছে না।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী, গতকাল সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। সন্ধ্যা ৬টার দিকে চাপ কমে গেলেও পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকামুখী এলাকায় দুই লেনে ও টার্মিনালে ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, গতকাল রেকর্ড পরিমাণ পানি বাড়ার কারণে পাটুরিয়ার তিনটি ও দৌলতদিয়ায় একটি ঘাট ডুবে যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়ার ৪ ও ৫ নাম্বার ঘাটটি সচল করা হয়েছে।