আত্মহত্যার কারণ খুঁজতে রাবির সঙ্গে গবেষণা করবে রাজশাহী পুলিশ

দেশে আত্মহত্যার কারণ খুঁজে বের করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গে গবেষণায় আগ্রহ প্রকাশ করেছে রাজশাহী বিভাগীয় পুলিশ।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জয়দেব ভদ্রের নেতৃত্বে বিভাগীয় পুলিশের এক প্রতিনিধিদলের এ বিষয়ে আলোচনায় হয়।

গবেষণার বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবিলম্বে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সইয়েরও বিষয়েও সভায় আলোচনা হয়।

জয়দেব ভদ্র বলেন, রাজশাহী বিভাগে আত্মহত্যার হার গড় জাতীয় হারের চেয়ে প্রায় ৩ শতাংশ বেশি। পুলিশ আত্মহত্যাজনিত মামলাগুলি তদন্ত করে বলে আত্মহত্যার প্রকৃতি ও কারণ সম্পর্কে জানা থাকে।

তিনি বলেন, সামগ্রিকভাবে আত্মহত্যার কারণ নির্ণয়ে গভীর গবেষণা প্রয়োজন। সে লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি উপযুক্ত প্রতিষ্ঠান। গবেষণায় পুলিশ প্রশাসন তথ্য-উপাত্তসহ অন্যান্য আনুসাঙ্গিক সহায়তা দেবে।

রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার গবেষণার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এই গবেষণায় সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

এ ধরনের গবেষণার সুপারিশ নীতিনির্ধারণে সহায়তা করবে বলে উপাচার্য মনে করেন।

আলোচনায় অন্যদের মধ্যে উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা মো. ইলিয়াছ হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে, রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক টিএম মোজাহিদুল ইসলাম ও ক্রাইম ম্যানেজমেন্ট শাখার পুলিশ সুপার আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।