মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে প্রচন্ড স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ধানবোঝাই ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
ট্রলারটি সিলেট থেকে ফরিদপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
গতকাল শনিবার সকাল ৬টার দিকে উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর অদূরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন ধানকাটা শ্রমিক মাদারীপুরের শিবচর উপজলার রাজারকান্দি গ্রামের হেলাল (৩৫) ও দাদন (৪০)।
উদ্ধার অভিযানে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান আবুল খায়ের বলেন, ডুবে যাওয়া ট্রলারটিতে ১৫ জন ধান কাটার শ্রমিক ছিলেন।
সকালে ট্রলারটি মাওয়া এলাকায় পৌঁছলে তীব্র ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হন।
মাওয়া নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ আবু তাহের মিয়া বলেন, দাদন ও হেলাল নামে দুজন নিখোঁজ আছেন। সাঁতরে তীরে ওঠা ১৩ জন শিমুলিয়া ঘাটে নিরাপদে আছেন। তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে গতকাল সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।