পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবের ‘গ্লোবাল চ্যাম্পিয়নস গ্রুপ অন গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’-এ যোগ দিয়েছেন। আমরা কৃষি ও খাদ্য সুরক্ষার উত্তম চর্চাগুলো বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।
গতকাল শনিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানিয়ে বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আয়োজিত ‘সংঘাত ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক উন্মুক্ত বিতর্কে যোগ দিয়ে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
কৃষি খাতে রূপান্তর এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরে শাহরিয়ার আলম বলেন, ‘এর ফলে গ্রামীণ উন্নয়ন, প্রান্তিক জনগণের ক্ষমতায়ন এবং ক্ষুদ্র কৃষকদের সুরক্ষা নিশ্চিত হয়েছে।’
এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতিশ্রুতির কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, সর্বত্র নিরাপদ, পর্যাপ্ত ও পুষ্টিকর খাবারের প্রবেশাধিকার নিশ্চিত করতে সবার একসঙ্গে কাজ করা অপরিহার্য, যাতে কেউ পেছনে পড়ে না থাকে।