মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মে) উপজেলার চারটি ভেন্যুতে একযোগে বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী দিনের খেলা শুরু হয়।
ভেন্যুগুলো হলো- সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়, জয়মন্টপ উচ্চ বিদ্যালয়, শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও চারিগ্রাম শাহাদত আলী খান উচ্চ বিদ্যালয় খেলার মাঠ। এ খেলায় উপজেলার একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন অংশগ্রহণ করছে।
সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী দিনে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বায়রা ইউনিয়ন বনাম ধল্লা ইউনিয়ন ও জামশা ইউনিয়ন বনাম তালেবপুর ইউনিয়ন, জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে সিংগাইর পৌরসভা বনাম জামির্ত্তা ইউনিয়ন ও বলধারা বনাম চান্দহর ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
এছাড়া শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জয়মন্টপ ইউনিয়ন বনাম চারিগ্রাম ইউনিয়ন এবং চারিগ্রাম শাহাদত আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে সিংগাইর সদর ইউনিয়ন বনাম সায়েস্তা ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পর্বের খেলায় সিংগাইর পৌরসভা, ধল্লা, তালেবপুর, জয়মন্টপ, চান্দহর ও সিঙ্গাইর সদর ইউনিয়ন বিজয়ী হয়।