ফেনী শহরের চাঁড়িপুর এলাকার আলিম উদ্দিন সড়কের একটি বহুতল ভবনে শনিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিছুর রহমান (৫৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।
তিনি ওই ভবনের নিরাপত্তা প্রহরী। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় ফুলহাতা পঞ্চগ্রামে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের আলিম উদ্দিন সড়কের ৬ তলা বিশিষ্ট নয়ন টাওয়ারে নিরাপত্তা প্রহরী হিসেবে দীর্ঘদিন চাকরি করেন আনিছুর রহমান। ভবনটির মালিক আবু আহাদ নয়ন শর্শদী ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকার ব্যবসায়ী।
তার ভবনে গ্যাস সংযোগ না থাকায় ভাড়াটিয়ারা সিলিন্ডার ব্যবহার করেন। প্রতিদিনের মত শনিবার রাত ১১টার দিকে রান্না করতে গিয়ে সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আনিছ। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ধারণা করা হচ্ছে, দুটি সিলিন্ডারে হয়তো লিকেজ ছিল, এ কারণে আনিছুর রান্না করতে গেলে আগুন ধরে যায়। পুলিশ এবং পিবিআইয়ের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই কক্ষে থাকা ৪টি সিলিন্ডারের দুটি থেকে আগুন ধরে যায়।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা ও ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহীম সরকার ঘটনাস্থলে ছুটে যান।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহীম সরকার জানান, আনিছুরের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।