আশুলিয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা আমির হোসেন জয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল রবিবার দুপুরে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বাজার এলাকায় বিক্ষোভ করে তারা। এলাকাবাসী বলছেন, যুবলীগ নেতা আমির হোসেনের চাঁদাবাজি, মারধর, নৈরাজ্য, হামলা ও সন্ত্রাসী কার্যকলাপে তারা অতিষ্ঠ।

আমির হোসেন জয় সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। আমির শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদল থেকে যুবলীগের সভাপতি পদ পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আব্দুল ওহাব নামের এক ভুক্তভোগী কৃষক বলেন, আমি জমি চাষ করি। সেই জমিতে ‘মুরগি আমিরদের’ ট্রাক্টর দিয়ে চাষ করার জন্য বলে। আমি তাদের ট্রাক্টর না নিলে তারা আমার ছেলেকে মারধর করে। এছাড়া কোনো বিয়েবাড়ি হোক আর জমি সংক্রান্ত বিষয় হোক সব জায়গা থেকে তারা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মারধর করে হত্যার হুমকিও দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী বলেন, ‘এলাকায় বিয়েবাড়ি থেকে জমিজমা সংক্রান্ত সব বিষয়ে জয় ও তার স্বজনদের চাঁদা দিতে হয়। অটোরিকশাপ্রতি ৫০০ টাকা চাঁদা নেয় তারা। না দিলে অটোরিকশা চলতে দেয় না, মারধর করে।

জানতে চাইলে শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয় বলেন, ‘তিন মাস আগে রণস্থল এলাকায় একটা ঘটনা ঘটেছিল। যেখানে আমার মা-বাবাকে মেরে আহত করা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত চারজন হাজতে আছে। আজ সেই আসামিদের পরিবারের লোকজন ও শিক্ষার্থীরাই মানববন্ধন করেছে। অনেক আওয়ামী লীগপন্থিও আছে। এটার কারণ আমি নিজেও জানি না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইনের কাছেই গেছি।

আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, অত্যাচারী যেই হোক না কেন অন্যায় করলে শাস্তি পেতে হবে। তার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ পেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।