নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই জঙ্গিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত। একই সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ওই দুই শিক্ষার্থীকে এক লাখ টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্ফোরক দ্রব্য মজুদ করে নাশকতার পরিকল্পনা করা মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ রায় শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত দুই আসামি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মোড়াবাড়ি গ্রামের আবদুর রহমানের ছেলে নূর মোহাম্মদ অনিক ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম। তাদের মধ্যে নূর মোহাম্মদ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। মোজাহিদুল ইসলামও একই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
তিনি জানান, নব্য জেএমবির আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন ওই দুই যুবক। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার পাশাপাশি গল্লামারী এলাকায় একটি বাসা ভাড়া নেন। ওই ভাড়া বাসায় তারা বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুদ করেন। ২০২০ সালের ২৫ জানুয়ারি রাত সোয়া ৩টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালালে দুটি রিমোট কন্ট্রোল বোমা ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছিল। সে সময় নব্য জেএমবির দুজন সদস্যকে আটক করা হয়। নাশকতা সৃষ্টির জন্য যা তারা নিজেরা তৈরি করেছিল। এ ঘটনায় সেদিন সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। একই বছরের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো. এনামুল হক ওই মামলার চার্জশিট দাখিল করেন। মামলা চলাকালে ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
কাজী সাব্বির আহমেদ জানান, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দেশের অন্য মামলাগুলোও স্বল্প সময়ের মধ্যে শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।