সুন্দরবনে সাতক্ষীরা অংশে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক মৌয়াল। তার নাম কাওছার গাইন (৩০)। গত শনিবার নোটাবেকি খেজুরদানা এলাকার বনে এ ঘটনা ঘটে। তিনি গাবুরা ইউনিয়ন পরিষদের গাবুরার খলিসাবুনিয়া গ্রামের রাজ্জাক গাইনের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম। স্ত্রী ও ছোট ছোট সন্তানরা বারবার মূর্ছা যাচ্ছে বলে জানায় গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম।
কাওছারের এক সঙ্গীর বরাত দিয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার নুরুল আলম জানান, গত ৫ মে বন বিভাগের পারমিট নিয়ে কয়েকজন মৌয়াল মধু সংগ্রহ করতে সুন্দরবনে যান। কিন্তু শুক্রবার তারা মধু সংগ্রহের নির্ধারিত এলাকা অতিক্রম করে গহিন জঙ্গলে ঢুকে পড়েন। শনিবার নোটাবেকি খেজুরদানা এলাকা অতিক্রম করার পর বাঘের আক্রমণে কাওছারের মৃত্যু হয়। এ সময় কাওছারের সঙ্গে থাকা মৌয়ালরা অনেক চেষ্টা করেও বাঘের মুখ থেকে কাওছারের রক্তাক্ত লাশটি উদ্ধার করতে পারেনি। তার মরদেহ উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান এ বন কর্মকর্তা।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, কাওছারের মৃত্যুর খবরে তার পরিবারে মাতম চলছে। তার দুই ছেলে ও মেয়ে বাবার শোকে বারবার মূর্ছা যাচ্ছে।