ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দুলাল ও সাজু নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে আদালতের মাধ্যেমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম। 

দুলালের বাড়ি সদরের ফুটানি বাজার এলাকায় এবং সাজুর বাড়ি চুনিহারি গ্রামে। 

এ ঘটনায় শনিবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা ছয়জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

আসামিরা হলেন দুলাল (৩০), মাসুদ ওরফে সাজু (৩২), মোহাম্মদ দুলাল (৩৫), আলমগীর হোসনে (৪০), হাফিজুর ইসলাম (৪৫) ও খকেন (৫০)।

মামলার বরাত দিয়ে ওসি তানভিরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে যাতায়াতের সময় প্রায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন দুলাল। গত সোমবার সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী বিদ্যালয় থেকে বাড়ির দিকে রওনা হয়। পথে দুলাল ও তার সহযোগী অটোরিকশার চালক সাজু ওই স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে অটোরিক্সায় তোলেন। পরে তাকে সদরের রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক ট্যাংলরি অফিসে নিয়ে যান তারা। এরপর সেখানে ওই স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’ করেন দুলাল।

রবিবার ভোর রাতে সদরের রায়পুর এলাকায় অভিযান চালিয়ে বাড়ি থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। 

ওসি বলেন, ওই সময় মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে দুলারের সহযোগী মামলার আসামি সাজু, মোহাম্মদ দুলাল ও আলমগীর হোসেন। পরে তারা ওই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা কারও কাছে প্রকাশ না করার জন্য বলেন। সেই ঘটনা প্রকাশ করলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।