হলের ডাইনিংয়ের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে মারাত্মক আহত করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। আহত ওই শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নূরুল আমিন পাবিপ্রবির অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের (৩য় বর্ষ প্রথম সেমিস্টার) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
নুরুল আমিনের সহপাঠীরা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইতিহাস বিভাগের ১১তম ব্যাচের অনিক পোদ্দার, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ১১তম ব্যাচ শাহ আলম, জহির রায়হান, ইমনসহ কয়েকজন তাকে রুম থেকে ডেকে হলের ছাদে নিয়ে যায়।
কিছুক্ষণ পরে তারাই আবার রুমে নিয়ে এসে দিয়ে যায় নূরুলকে। বিষয়টি আমরা জানার পর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রাত দেড়টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত নুরুলের সংজ্ঞা ফিরে এলে এদের কয়েকজনের নাম বলেছেন।
তারা আরও বলেন, হলের ডাইনিংয়ে খাবার নিয়ে নূরুল সম্প্রতি একটি স্ট্যাটাস দেন। এতে ক্ষুব্ধ হয়েই তারা তাকে মারধর করেছে।
অর্থনীতি বিভাগের ওহিদুল ইসলাম বলেন, নুরুলের মাথায় আঘাত করা হয়েছে। সে মাঝে মাঝেই সংজ্ঞা হারিয়ে ফেলছে। এ ঘটনার আমরা সুষ্ঠু বিচার দাবি করি।
রাতে বিশ^বিদ্যালয় প্রশাসনের ভাইস চ্যান্সেলরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক কর্মকর্তারা এসে দেখে গেছেন।
তবে অনিক পোদ্দার মারধরের বিষয়টি অস্বীকার করলেও রুম থেকে ডেকে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে হলের খাবার সংক্রান্ত কোনো বিষয়ে ঝামেলা হয়নি বলেও দাবি করেন।
অনিক বলেন, একটি মিটিংয়ের জন্য আমরা কয়েকজন বন্ধু মিলে তাকে রুম থেকে ডেকে নিয়ে ছাদে নিয়ে কথা বলেছি।
পাবনা জেনারেল হাসপাতালের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. মনিরুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীর সম্ভবত কানের পর্দা ফেটে গেছে, তবে সুস্থ হতে কিছুটা সময় লাগবে। মাথায় আঘাতজনিত কারণে এমনটি হতে পারে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের বিশ^বিদ্যালয়ে রবিবার একটি অনুষ্ঠান ছিল, তবুও বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা হাসপাতালে গিয়েছি, খোঁজখবর নিয়ে তার চিকিৎসার ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। প্রথমত ছেলেটাকে সেভ করাই আমাদের মুখ্য বিষয়।
তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে, যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।