চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডীতে সঞ্জিতা চাকমা (৩৫) নামে গৃহকর্মীর দায়ের কোপে মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে লাল মিয়া কেরানির বাড়ির বিএন ম্যানসনে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সিরাজগঞ্জ এলাকার মো. শহিদুল ইসলামের স্ত্রী ও অভিযুক্ত গৃহকর্মী রাঙ্গামাটি জেলার নানিয়ারচর এলাকার শাহজাহানের স্ত্রী।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে কাঁঠাল ভাঙা নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গৃহবধূ রাগের বশে দা হাতে নিলে অভিযুক্ত সঞ্জিতা চাকমা তাৎক্ষণিক দা কেড়ে নিয়ে তার মাথায় কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হন মর্জিনা বেগম। পরে স্থানীয়রা ও স্বামী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মর্জিনা। অপরদিকে পালানোর সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। সঞ্জিতা চাকমা ধর্মান্তরিত হয়ে শাহাজাহান নামে এক ব্যক্তিকে বিয়ে করেন।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত গৃহকর্মীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।