পোশাকের জন্য তরুণী লাঞ্ছনা: গ্রেপ্তার যুবক ৩ দিন রিমান্ডে

নরসিংদী রেল স্টেশনে ‘পোশাক নিয়ে আপত্তি’ করে তরুণীকে লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার মো. ইসমাইল মিয়ার (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করে ভৈরব রেলওয়ে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা হারুনুজ্জামান রুমেল সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক মেহনাজ সিদ্দিকী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাত ১১টায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারে এক নারীসহ দুজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরো এক নারী ও ১০ পুরুষকে আসামি করা হয়।

ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও ফোনে ধারণ করা ভিডিওতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের আসামি করা হয়। আর অজ্ঞাতনামা আসামিদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার আসামিরা হলেন নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার মো. ইসমাইল (৩৫) ও নরসিংদী শহরের উপজেলা মোড় এলাকার শিলা আক্তার।

রেলওয়ে পুলিশ জানায়, গত বুধবার সকালে নরসিংদী রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিনস প্যান্ট ও টপস। তাই দেখে স্টেশনে অবস্থানরত এক নারী প্রথমে ওই তরুণীকে আঘাত করেন। পরে আরো কয়েকজন ব্যক্তি তার ওপর হামলার চেষ্টা চালায়। ভুক্তভোগী ওই তরুণী দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নিয়ে তাকে বাঁচানোর অনুরোধ করেন। পরে স্টেশন মাস্টারের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।

তরুণীকে হেনস্তা ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্টদের। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হলে ঘটনার দুদিন পর শুক্রবার রাতে নরসিংদী শহরের ইউএমসি জুট মিলের সামনে থেকে ইসমাইল মিয়া নামে এক যুবককে আটক করে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। পরে রাতেই তাকে রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতে তোলা হয়।

আদালত তাকে জেলহাজতে পাঠান এবং এই ঘটনার তদন্ত করে মামলা করার নির্দেশ দেন। পরে ওই রাতেই ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন ইমায়েদুল জাহেদী। সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালত ইসমাইলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, রেলওয়ে স্টেশনে শ্লীলতাহানির ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। রবিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড কার্যক্রম রবিবার থেকে শুরু হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।