মাঙ্কিপক্স সংক্রমণ মোকাবিলায় বিশ্বের প্রথম দেশ হিসেবে আক্রান্তদের ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে বলেছে বেলজিয়াম। পরপর তিনজনের দেহে রোগটি শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইইউভুক্ত দেশটি। গত শুক্রবার বেলজিয়ামের স্বাস্থ্য কর্র্তৃপক্ষ এই ঘোষণা দেয়। গত রবিবার বেলজিয়ামের ভাইরোলজিস্ট মার্ক ভন র্যানস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঙ্কিপক্সের চতুর্থ কেস শনাক্তের খবর জানান।
আগের তিনজনের মতো ইনিও ডার্কল্যান্ডসের আন্তর্জাতিক সমকামী উৎসবে ছিলেন বলে মার্ক উল্লেখ করেন। মে মাসের প্রথম দিকে এন্টওয়ার্পে এটি অনুষ্ঠিত হয়েছিল। ডার্কল্যান্ডস উৎসবে অংশগ্রহণকারী প্রত্যেককে সতর্ক থাকতে বলেছেন এই চিকিৎসক। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে মাঙ্কিপক্স। রোগটির উৎপত্তিস্থল হিসেবে ধরা হচ্ছে আফ্রিকার পশ্চিম এবং কেন্দ্রীয় অঞ্চলকে।
এর বাইরেও ক্যানারি আইল্যান্ডের দ্য গ্রান ক্যানারিয়া প্রাইড ফেস্টিভ্যালে সমগ্র ইউরোপ থেকে ৮০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছিল। এই ইভেন্টটিকেও ইউরোপ অঞ্চলে মাঙ্কিপক্সের ‘সুপার-স্প্রেডার’ হিসেবে ভাবা হচ্ছে। স্পেনের রাজধানী মাদ্রিদ ইতিমধ্যে ভাইরাসটির ‘হটস্পট’ হিসেবে আবির্ভূত হয়েছে। সেখানে ৩০ জনের বেশি লোক শনাক্ত হয়েছে।