ফেনীতে পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে শরীফ উদ্দিন বাবলু (২৬) নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে তরুণী।

মঙ্গলবার রাতে তরুণী বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।

ওই পুলিশ সদস্য বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত আছেন। তিনি ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ সদস্য বাবলু চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার ওই তরুণীকে ফেনীর মহিপাল এলাকায় একটি হোটেলে এনে কয়েকবার ধর্ষণ করে। ওই তরুণী তাকে সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে বাবলু অস্বীকৃতি জানান। এতে তিনি মামলা করতে বাধ্য হন।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১) এর ধারায় মামলা নেয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।