শেখ হাসিনা হত্যাচেষ্টায় দণ্ডিত হুজির হাই গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও রমনা বটমূলে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া হুজি নেতা আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২’র একটি দল। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আবদুল হাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) প্রতিষ্ঠাতা আমির এবং তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে বলে জানা গেছে।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এর আগে ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে রেখে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। ওই মামলায় ২০২১ সালে ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এ দুই মামলায় মৃত্যুদণ্ড পাওয়াদের মধ্যে মুফতি আবদুল হাই একজন বলে জানা গেছে। এ ছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি।