চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আবদুল হামিদ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হামিদ উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাতে হামিদ মোটরসাইকেল যোগে নগর থেকে বাড়ি ফিরছিলেন। আসার পথে শাহ আমানত সেতুর টোল প্লাজা অতিক্রম করে মইজ্জ্যারটেক এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হামিদের লাশ কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।