ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দায়িত্ব পালনের সময় ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক আবির আহমেদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
মঙ্গলবারের ঘটনার রেশ ধরে ঢাবি’তে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১২টার দিকে হাইকোর্ট এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে ছাত্রদল। তখন ছাত্রলীগ হামলা করলে শুরু হয় সংঘর্ষ।
ওই সাংবাদিক আবির আহমেদের ওপর হামলা করে ছাত্রলীগ। এরপর তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক (মাল্টিমিডিয়া)।
ঘটনাস্থল থেকে আবির সাংবাদিকদের জানান, হাইকোর্ট এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ চলাকালীন সময়ে তিনি লাইভে ছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে মারধর করে ফোন ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সাংবাদিক আবিরকে ছাত্রদলের কর্মী তকমা দিয়ে পেটান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ছাড়া পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ফেসবুক পেজ থেকে লাইভ করার সময় মাহফুজ কোভিদ নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।