সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সব দপ্তরে অভিযোগ বক্স বসাতে হবে। যেখানে আগে থেকেই অভিযোগ বক্স রয়েছে, সেগুলো সচল করতে হবে। এই অভিযোগ বক্সের চাবি থাকবে অফিস প্রধানের কাছে। তিনিই মাসে একবার খুলবেন। খোলার পর কোনো কিছু না পড়েই প্রত্যেক অভিযোগ আগে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। আর প্রত্যেক মাসে অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা শিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় জানাতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের দেওয়া কর্তৃক প্রদত্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুর্নীতির প্রতিবেদন এবং তা প্রতিরোধে করণীয়-সংক্রান্ত বৈঠকে সব দপ্তর প্রধানকে এই নির্দেশ দেন সচিব মো. আবু বকর ছিদ্দীক।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেন, ‘আমরা শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি আলোকিত না হই তাহলে অন্যরা কীভাবে আলোকিত হবেন। আমাদের উদাহরণ স্থাপন করতে হবে। আমাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’
তিনি বলেন, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক এবং প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির তথ্য উদ্ঘাটনের দায়িত্ব পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের। অথচ এই দপ্তরের অনেক কর্মকর্তার বিরুদ্ধেই অভিযোগ করেছে দুদক। গত দশ বছরে দুর্নীতি অনুসন্ধানে এই প্রতিষ্ঠান কার্যকর কী পদক্ষেপ নিয়েছে তার প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন তিনি।