সিরাজগঞ্জের বেলকুচিতে বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের চালা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, নিহতের স্ত্রী মর্জিনা, মেয়ে লাইলি খাতুনসহ অনেকেই।
এ সময় মেয়ে লাইলি খাতুন বলেন, আমার বাবা একজন সহজ-সরল মানুষ ছিলেন। তার কোন দোষ ছিল না। বিনা কারণে তাকে ইউপি সদস্য মালেকের নেতৃত্বে হত্যা করা হয়েছে। আমি আর কিছুই চাই না, শুধু আমার বাবাকে যারা বিনা অজুহাতে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
নিহতের স্ত্রী মর্জিনা বলেন, যারা আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।
বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় মর্জিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর ইউপি সদস্য মালেককে প্রধান আসামি ও নাম উল্লেখ করে ২২ জনসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বেলকুচি থানায় মামলা করেন। মামলার পর ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। ঘটনার পর আমরা এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছি । তা ছাড়াও বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
গত ২২ এপ্রিল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রামের জুমা নামাজ শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার ইউপি সদস্য মালেক ও তার চাচাতো ভাই মুছা গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে বাবলু ব্যাপারী মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।