সংঘর্ষের পরদিন শান্ত ঢাবি ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের পরদিন শুক্রবার কোন সংগঠনের সক্রিয়তা দেখা যায়নি।

যদিও ছাত্রদল বলছে ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসে রাজত্ব কায়েম করছে। তবে, ধারণা করা হচ্ছে বিসিএস পরীক্ষা থাকার কারণে তাদের সক্রিয়তা দেখা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকে ক্যাম্পাস ফাঁক ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে গত কয়েক দিনের মতো দেখা যায়নি ছাত্রলীগের নেতা-কর্মীদের। মধুর ক্যানটিনও ফাঁক ছিল। দুপুরের দিকে কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আড্ডা দিতে দেখা যায় মধুর ক্যানটিনে। তবে শীর্ষ কোন নেতার উপস্থিতি ছিল না।

অন্যদিকে, এদিন ছাত্রদলের কোন নেতা-কর্মীকেও ক্যাম্পাসে দেখা যায়নি।

গত বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সমাবেশ পালন করতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছিল জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি দোয়েল চত্বরে পৌঁছালে ছাত্রলীগ-ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় সংগঠনের নেতা-কর্মী আহত হয়েছেন। এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করার সময় ছাত্রলীগের হামলার শিকার হয় ছাত্রদল।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন নাসির বলেন, বারবার আমাদের ওপর হামলা করা হচ্ছে। আবার আমাদের নামেই মামলা দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেমন আচরণ এটি?

তিনি বলেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। আমরা আবার ক্যাম্পাসে ফিরব।

এ বিষয়ে ছাত্রলীগের শীর্ষ কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।