গাজীপুরে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা মৌচাক স্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। রাত সাড়ে ১২টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন সূত্র জানায়, এ পথে রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও তিন-চার ঘণ্টা লাগবে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা রাজশাহী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাত সাড়ে ১২টার দিকে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার করে এ পথে যোগাযোগ স্বাভাবিক হতে আরও তিন-চার ঘণ্টা লাগতে পারে।