অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ২০২১ সালের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. বেনজীর আহমেদ।

সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী। সভায় সমিতির সদস্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ করোনাকালে পুলিশ সদস্যদের চিকিৎসায় সেন্ট্রাল পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসা ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, করোনা চিকিৎসায় পুলিশ হাসপাতালে এক মহাকাব্যিক প্রচেষ্টা নেয়া হয়েছে। হাসপাতালটিকে বিশেষায়িত হাসপাতালে পরিণত করা হচ্ছে। ফলে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা সর্বাধুনিক চিকিৎসা সেবা পাবেন।

তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সাথে তাঁর চাকরি জীবনের স্মৃতিচারণ করে বলেন, আজকে বাংলাদেশ পুলিশের যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে তার পেছনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অবিস্মরণীয় অবদান রয়েছে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত এবং সিআইডি, চাঁদপুরের ইন্সপেক্টর মো. গিয়াস উদ্দিন খান এ তিন পুলিশ কর্মকর্তাকে এস এম আহসান মেমোরিয়াল ট্রাস্ট অ্যাওয়ার্ড-২০২১ এবং নির্যাতনের শিকার নারী ও শিশু সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ব্রাহ্মণবাড়িয়া উইমেন্স সাপোর্ট সেন্টারের ইন্সপেক্টর কাজী কামরুন্নাহার লাইলীকে প্রফেসর অনামিকা হক লিলি এবং ড. এম. এনামুল হক অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়।

সমিতির বয়োজ্যেষ্ঠ সদস্য মো. আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এস এম মুজিবুর রহমান, মো. ইয়াহিয়া চৌধুরী, মো. শামসুল হক মোল্লা এবং মো. গোলাম মুর্তজা মোট পাঁচজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সমিতির বিভিন্ন কাজে বিশেষ অবদানের জন্য সমিতির সভাপতি মো. আবদুর রউফ, সহসভাপতি মো. ওয়ালিয়ার রহমান, যুগ্ম-মহাসচিব মো. আব্দুল কুদ্দুস খান, কার্যনির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কাজী শাহাবুদ্দিন আহমদ ও আজীবন সদস্য ড. মির্জা গোলাম সারোয়ার এবং করোনাকালে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় বিশেষ অবদানের জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভার শুরুতে সমিতির যে সকল সদস্য করোনাকালে ও বিভিন্ন সময়ে ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে সমিতির ২০২১ সালের এজিএম নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়নি।