চাচার বিরুদ্ধে নাদাল

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে আজ রাফায়েল নাদাল খেলবেন কানাডার ফেলিক্স অগে-আলি জসিমের সঙ্গে। মনে হবে আর দশটা ম্যাচের মতোই তো ম্যাচটা। কিন্তু নাদালের জন্য ম্যাচটি ভিন্ন পরিস্থিতির। আলি জসিমের কোচ যে তারই চাচা টনি নাদাল। দীর্ঘদিন তার কোচও ছিলেন টনি। নাদালের ২১ গ্র্যান্ডসø্যামের ১৪টি-তে সঙ্গে ছিলেন চাচা ১৩ ফরাসি ওপেনের ৯টি নাদাল জিতেছেন তার কোচিংয়ে।

নেদারল্যান্ডসের ভ্যান ডে জানচুপকে ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেই চাচার সঙ্গে কথা বলেছেন নাদাল। ‘আমার জন্য এটি সাধারণ বিষয়। সে আমার চাচা। আমাকে হারতে দেখতে চাইবে না তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সে পেশাদার একজন এবং অন্য একজন খেলোয়াড়ের সঙ্গে আছেন।’ টনি নাদাল আলিসিমের কোচ হওয়ার পর এই প্রথম রাফা মুখোমুখি হবেন কানাডিয়ান এ খেলোয়াড়ের। নাদাল স্পষ্ট জানিয়েছেন ম্যাচে এর কোনো প্রভাব পড়বে না। ‘আমি জানি না কী ঘটবে। সে স্টেডিয়ামের কোথায় থাকবে তা আমার দেখার বিষয় না। আমার তাতে কোনো সমস্যা নেই।’

নাদাল এ ম্যাচ জিতলে কোয়ার্টারেই দেখা হয়ে যেতে পারে নোভাক জকোভিচের সঙ্গে। ২০ গ্র্যান্ডসø্যাম জয়ী সার্বিয়ান আজ প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবেন আর্জেন্টিনার জিয়েগো শোয়ার্জমানের বিপক্ষে। নাদাল-জকোভিচ এরপর যদি এগোতে পারে সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে স্পেনের নতুন সেনসেশন কার্লোস আলকারাজের সঙ্গে। গতকাল আমেরিকার সেবাস্তিয়ান কোর্দাকে ৬-৪, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন আলকারাজ। আজ ২১তম বাছাই রাশিয়ার কারেন খাচানোভের সঙ্গে খেলবেন। জিতলে কোয়ার্টারে তৃতীয় বাছাই ভেরেভ-জাপাতা মিরালেস ম্যাচ জয়ীর সঙ্গে খেলবেন আলকারাজ।

নারী এককে তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন পোল্যান্ডের ইগা সোয়াতেক। ২০২০ ফ্রেঞ্চ ওপেন জয়ী সোয়াতেক ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন মন্টেনেগ্রোর ডানকা কোভিনিচকে।