বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা যে আন্দোলন শুরু করেছে তাদের সঙ্গে সকলকে অংশগ্রহণ করতে হবে। ঢাকার রাজপথে আমাদের ছাত্রদল তাদের শরীরের রক্ত দিয়ে আন্দোলনের সূচনা করেছে। আমি আশা করি যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের পাশে থেকে আন্দোলনে অংশ নেবে।’
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।