পটুয়াখালীর দুমকিতে ঘুমন্ত সাবেক স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আবদুল জলিলকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার সামন্ত গ্রাম থেকে জলিলকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলা পুলিশের একটি টিম।
গত বৃহস্পতিবার গভীর রাতে তালাক দেওয়াকে কেন্দ্র করে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামে শ্বশুরবাড়িতে সাবেক স্ত্রী ইতি বেগমের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন জলিল। পরে শুক্রবার সকালে মৃত্যু হয় ইতির। এ ঘটনায় ওইদিন ইতির বাবা আবদুল মান্নান দুমকি থানায় জলিলের বিরুদ্ধে মামলা করেন।
দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, স্বজনদের বক্তব্য ও সুরতহাল রিপোর্টে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যাকাণ্ড হয়েছে বলেই মনে হয়েছে। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে দুটি পেট্রোলের বোতল জব্দ করা হয়েছে।