হাজি সেলিমের সংসদ সদস্য পদ প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্ত কোনো সংসদ সদস্যের পদ প্রভাবিত (ইফেক্টেড) হয় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

রবিবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটদের ১৪৫তম রিফ্রেসার কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

দণ্ডপ্রাপ্ত হাজি সেলিমের সংসদ সদস্য পদে থাকার সুযোগ আছে কি না এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে (দণ্ডিত সংসদ সদস্যের পদে থাকা) সুপ্রিম কোর্টের ২-৩টি রায় আছে। আমার  জানা মতে হাজী সেলিম এ মামলায় দণ্ডের বিষয়ে আপিল বিভাগে আপিল করেছেন।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সংসদ সদস্য পদ ‘ইফেক্টেড’ হয় না, এটাই কিন্তু রায়ে আছে।’ 

আনিসুল হক আরো বলেন, ‘ডাটা সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের যৌক্তিক পরামর্শ অবশ্যই গ্রহণ করা হবে। তবে কোনো অযৌক্তিক পরামর্শ গ্রহণ করা হবে না।’ 

মন্ত্রী জানান, ডাটা সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণের আগে সংবাদমাধ্যমের প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধিসহ অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে আলোচনা করা হবে। 

তিনি বলেন, ‘ডাটা  সুরক্ষার ব্যাপারে কী কী আইন আছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। সবার কাছে গ্রহণযোগ্য এবং যে উদ্দেশ্যে এটি প্রণয়ন করা হচ্ছে, সে উদ্দেশ্য যাতে সাধিত হয়, সে আইন করা হবে।’

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারকদের উদ্দেশ্যে আনিসুল হক বলেন, ‘মামলা জট  কমানোর ব্যাপারে বিচারকদের আরও উদ্যোগী হতে হবে।’ 

বিচার প্রশাসন ও  প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি  নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বক্তব্য রাখেন।