২২ আরোহী নিয়ে নেপালে নিখোঁজ প্লেন বিধ্বস্ত

চার ভারতীয়সহ ২২ জন আরোহী নিয়ে নেপালের বেসরকারি এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। গতকাল রবিবার সকালে পোখারা থেকে উড্ডয়নের ১৫ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। স্থানীয়রা নেপালের সেনাবাহিনীকে জানিয়েছেন, উড়োজাহাজটি মানাপাথি হিমাল ভূমিধসের নিচে লামচে নদী মুখে বিধ্বস্ত হয়েছে।

রবিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ পোখারা থেকে বিমানটি টেক অফ করে। ১৫ মিনিটের মধ্যেই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের। নিখোঁজ বিমানটি তারা এয়ারের ৯ এনএইটি টুইন-ইঞ্জিনের ছিল বলে জানিয়েছে এনডিটিভি। সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুসারে তারা এয়ারের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। সেনারা স্থল ও বিমানপথে সেখানে উপস্থিত হচ্ছেন।

নেপাল টেলিকম উড়োজাহাজটির পাইলট ক্যাপ্টেন প্রভাবক ঘিমিরে এর সেলফোনের অবস্থান শনাক্ত করেছেন জিপিএস নেটওয়ার্ক ব্যবহার করে। যে স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে তা কোয়াং অঞ্চলের মুস্তাং জেলার কাছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।