নিবন্ধনহীন আরো ৮৪ হাসপাতাল ও ক্লিনিক সিলগালা

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ি সারা দেশে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। রবিবার দেশের বিভিন্ন স্থানে আরো অন্তত ৮৪টি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করার তথ্য পাওয়া গেছে। 

এ ছাড়া বেশ কয়েকটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। 

তিন দিনে সারা দেশে নিবন্ধনহীন ৮৮২টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিবার তিনটি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা করা হয়। 

খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিবন্ধিত ১৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেট ও দরগাগেট এলাকায় অভিযান চালিয়ে দুটি অনিবন্ধিত হাসপাতাল বন্ধ করা হয়। 

স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব অভিযান পরিচালনা করে।

এদিকে নীলফামারীতে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। কিশোরগঞ্জের ভৈরবে অনিবন্ধিত পাঁচটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

টাঙ্গাইল সদরে অভিযান চালিয়ে এ দিন পাঁচটি ক্লিনিক সিলগালা এবং একটিকে জরিমানা করা হয়। 

মির্জাপুরে পাঁচটি বেসরকারি ক্লিনিক সিলগালা ও তিনটি ক্লিনিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নেত্রকোনা পৌরশহরে আটটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য অধিদপ্তর। 

রাজবাড়ীতে অনুমোদনহীন আটটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে প্রশাসন। পটুয়াখালীর বাউফলে ছয়টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। 

বগুড়া শহরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

বাগেরহাটের মোংলায় নিবন্ধনবিহীন ও নবায়ন না থাকায় ১১টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সিলগালা এবং খাগড়াছড়ি সদর, মহালছড়ি ও মাটিরাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ছয়টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।