বাংলা একাডেমি প্রবর্তিত নজরুল পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন প্রাবন্ধিক-গবেষক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। গতকাল রবিবার বাংলা একাডেমি আয়োজিত নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের সবার জীবনের সঙ্গে নজরুলের যোগ রয়েছে। কারণ নজরুল-পাঠ প্রতিটি ব্যক্তিকে প্রভাবিত করে, অনুপ্রাণিত করে। কিশোরবয়সে নজরুলের পাঠ আমাকে অনুপ্রাণিত করেছে, এরপর নজরুলকে নিয়ে বাংলা ও ইংরেজিতে কয়েকটি বই লিখেছি। ক্রমশ বুঝেছি নজরুল কতটা মৌলিক এবং বৃহৎ। বাংলা একাডেমি নজরুলের নামাঙ্কিত পুরস্কার প্রথমবার আমাকে প্রদান করায় আমি কৃতজ্ঞ ও আনন্দিত।’