চট্টগ্রামে ‘ওড়িশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার’-এর ২৩ বছরে পদার্পণ উপলক্ষে শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে মুখরিত সাংস্কৃতিক সন্ধ্যা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিকল্পনায় ‘আলোয় আলোয় রবীন্দ্র-নজরুল গীতি আলেখ্য’ শিরোনামে অংশ নেয় শিল্পীরা। এসময় আখড়া, মঙ্গলাচরণ, পল্লবী (যুগাদন্ড), বসন্ত পল্লবী, রাম ভজন (শ্রীরাম), অভিনয় (কাঁহি গলে মুরলী পুংকা) ও মোক্ষ ওড়িশি নৃত্য পরিবেশন করা হয়।
বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। আলোচনায় অংশ নেন তার স্ত্রী সুস্মিতা রঞ্জন, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও প্রমা অবন্তী।
প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, ‘হারিয়ে যাওয়া ওড়িশি নৃত্য বাঁচিয়ে রাখার জন্য প্রমা অবন্তী ও তার প্রতিষ্ঠান যে কাজ করছেন তা প্রশংসনীয়।’
কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘অনুষ্ঠানটি দেখতে দেখতে আমার কখনো মনে হয়েছে কবিতার মতো এক অধরা মাধুরী, কখনো মনে হয়েছে প্রকৃতির মতো সহজাত সৌন্দর্য। এই অনুষ্ঠান দীর্ঘদিন আমাদের মনে থাকবে।’
ওড়িশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের প্রতিষ্ঠাতা প্রমা অবন্তী বলেন, ‘আমি এবং আমার প্রতিষ্ঠান বিশ্বাস করে, নেচে গেয়ে আনন্দ চিত্তে জেগে উঠুক শিক্ষার্থীদের অন্তর্জগত।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. অনুপম সেন বলেন, দীর্ঘ সময় ধরে ওড়িশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার দেশে বিদেশে তিন শতাধিক একক ও দলীয় নৃত্য পরিবেশন করে সুনাম অর্জন করেছে।
তিন ঘণ্টাব্যাপী নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রমা অবন্তী, আফসানা ইকবাল হিয়া, প্রজ্ঞা পারোমিতা পাল, দিহের দত্ত, মৃত্তিকা নন্দী, পৃথা বড়ুয়া, অহনা বড়ুয়া, রাজশ্রী বিশ্বাস, হীমাদ্রী চৌধুরী, স্বস্তিকা চৌধুরী, নবমিতা সেনসহ শতাধিক নৃত্যশিল্পী।