জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীদের ফাঁসানোর উদ্দেশ্যে স্বামী তোজাম উদ্দিন (৫০) জবাই করে হত্যা করেছিল জয়পুরহাটের কালাইয়ের গৃহবধূ শিপন বেগম ( ৪২ )-কে।
জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতিকুর রহমানের কাছে রবিবার (২৯ মে) সন্ধ্যায় তোজাম স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন।
মামলার অধিকতর তদন্তের প্রয়োজনে রাতে বাবার সঙ্গে ছেলে শিহাব (২০)-কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৭ মে ) দিবাগত রাতে ৪ সন্তানের জননী শিপন ৮ বছরের ছেলে সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে নিজ শয়ন ঘরে শিপন বেগম হত্যার শিকার হন। এ সময় ছোট ছেলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে ও পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে থেকে শনিবার (২৮ মে) স্বামী তোজাম. ছেলে শিহাব ও প্রতিবেশীসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তোজাম হত্যার দায় স্বীকার করলে প্রতিবেশী ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।
কালাই থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন জানান, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য তোজাম তার স্ত্রীকে হত্যা করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করলে অন্যদের থানা থেকে ছেড়ে দেয়া হয়। ছেলে শিহাবের বিষয়ে আরও তদন্ত থাকায় আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।