সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে একটি মাংসের দোকানে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রেজাউল করিম (৪৪)। তিনি সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজাউল করিম সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের একটি মাংসের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।
সোমবার সকাল ছয়টার দিকে ঘরে কাজ করার সময় পা পিছলে তিনি পানির লাইনের মটরের উপর পড়ে যান।
এ সময় মটরের লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রেজাউল করিম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।