মেট্রোরেলের স্টেশন নিয়ে ফখরুলের সমালোচনার জবাব দিলেন কাদের

কিছুদিন আগে মেট্রোরেলের স্টেশনের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, পৃথিবীর অন্যান্য দেশে কমবেশি এক কিলোমিটার দূরত্বে মেট্রোরেলের স্টেশন রয়েছে।

ওবায়দুল কাদের সোমবার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশেও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা করে সমীক্ষা এবং পরামর্শকের পরামর্শ অনুযায়ী জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে মেট্রোরেলের স্টেশনগুলোর স্থান নির্ধারণ করা হয়েছে। ঈর্ষান্বিত বিএনপি’র নেতৃবৃন্দ এসব প্রকল্প সম্পর্কে না জেনে না বুঝে একেক সময় একেক রকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।

গত ২৬ মে এক অনুষ্ঠানে ফখরুল বলেন, মেট্রোরেলে দেখবেন কিছু দূর পরপর একটা করে স্টেশন। কোনো প্রয়োজন নেই। শেওড়াপাড়ায় একটা, আগারগাঁওতে একটা, তারপর সংসদ ভবনের কাছে একটা, তারপর আবার ফার্মগেটে। এত কাছাকাছি স্টেশন তো আমি পৃথিবীর কোথাও দেখিনি।

সোমবার কাদের আরও বলেন, দেশের মেগা প্রকল্প নিয়ে বিএনপি’র মেগা মিথ্যাচার তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে যারা দেশে একটিও মেগা প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন দেখেনি, সেই বিএনপি যখন মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচার করে দেশবাসীর মনে তখন বিএনপি নেতাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ আসলে বুঝে গিয়েছে ঈর্ষান্বিত বিএনপি নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতেও দ্বিধা করে না।

ফখরুলের মন্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুলের কাছে আসলে জনস্বার্থ গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে টাকা লুটপাট করা যায়। লুটপাট আর লুণ্ঠন করতে সিদ্ধহস্ত বিএনপি নেতৃবৃন্দ তাই জনসাধারণের সুবিধার কথা বিবেচনা না করে শুধু টাকার গন্ধ খুঁজে বেড়ায়। শেখ হাসিনা সরকার জনস্বার্থ এবং ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়েই যে কোন প্রকল্প গ্রহণ করে।

‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা শয়তানি কারবার’, মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের সম্পদ কেউ যদি পাচার করে এবং পরবর্তীতে সেটা যদি ফিরিয়ে আনা হয়, তাহলে তাতো ভালো উদ্যোগ। শয়তানি কারবার হবে কেন?

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি জানতে চান, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার কথা শুনে আপনাদের গায়ে জ্বালা ধরছে কেন? কীসের এতো ভয়? আপনার বক্তব্য শুনে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তবে কি আপনারা আপনাদের পাচারকৃত অর্থ দেশে ফিরে আসার আতঙ্কে ভুগছেন?

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের নানা কারণে মন খারাপ। কারণ পদ্মাসেতু উদ্বোধন হতে যাচ্ছে, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল হয়ে যাচ্ছে। সে জন্যই তাদের মন খারাপ।