শরীয়তপুর জেলা বিএনপির সভাপতির বাসা অবরুদ্ধ করে রাখার অভিযোগ

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের বাসা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের নেতা–কর্মীরা অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের বাসা অবরুদ্ধ করে রাখা হয়েছে। কিরণের বাড়িতে ইট-পাটকেল মারা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

কোনো কারণ ছাড়াই শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি কিরণের বাসা অবরুদ্ধ করে রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

তিনি বলেন, একজন পরিচিতি ও সিনিয়র রাজনীতিকের বাসা অবরুদ্ধ করে রাখা ভিন্ন ইঙ্গিত বহন করে। আসলে নিশিরাতের ভোটে ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এই ঘটনা তারই প্রমাণ।

জনগণের মনের ভাষা বুঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংযত ও নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানান রিজভী। অন্যথায় চড়া মাশুল গুনতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।