সিলেটে ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু

রিজিয়ন কমান্ডার বিজিবি এবং ফ্রন্টিয়ার আইজি বিএসএফ পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিলেটে এই সম্মেলন শুরু হয়। ভারতের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী সুমিত শরণ, আইপিএসের নেতৃত্বে ৬ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল সম্মেলনে যোগদান করেছেন।

বিজিবির রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকসহ অন্যান্য চোরাচালান, নারী ও শিশু পাচারসহ দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ আলোচনা হবে। বিজ্ঞপ্তি