টাঙ্গাইলে জেএমবি সদস্যের পাঁচ বছরের কারাদন্ড

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুমন আকন্দ নামে এক সদস্যের পাঁচ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের ওই রায় দেন। রায়ে দ-িত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। দন্ডিত সুমন আকন্দ (৪০) বরিশাল জেলার কোতোয়ালি থানার কাওয়ারচর গ্রামের মকবুল আকন্দের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ আগস্ট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) টাঙ্গাইল শহরতলির নগরজলফৈ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সুমন আকন্দ ওই চেকপোস্টের কাছে আসার পর তাকে তল্লাশির জন্য র‌্যাব সদস্যরা সংকেত দেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে।

রায় ঘোষণার সময় দন্ডিত সুমনকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।